Sunday, March 15, 2020

পুঁজিবাজারে বেড়েছে সূচক-লেনদেন 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ মার্চ) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৩১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ ও ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৯ ও ১৪১৩ পয়েন্টে।
ডিএসইতে এই দিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৪ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি টাকার।
ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ৪০টির এবং ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে বুধবার টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো-মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, খুলনা পাওয়ার, লাফার্জহোলসিম, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা, ব্যাংক এশিয়া, কোহিনুর ও গ্রামীণফোন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৯৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮০টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি টাকার।

মুজিববর্ষে এক লাখ নারী উদ্যোক্তা তৈরি করা হবে : ইন্দিরা


মুজিববর্ষে এক লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ সামনে রেখে দেশজুড়ে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এ উদ্যোগের অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরি করবে।’
তিনি বলেন, ‘স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম নারী মুক্তি ও নারী-পুরুষের সমতার কথা ভেবেছেন। এর প্রতিফলন দেখতে পাই বাহাত্তরের সংবিধানে। যেখানে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি নারী-পুরুষের সমতার কথাও বলা আছে। বাল্যবিবাহ নারী অগ্রগতির পথে বাঁধা। এটি শুধু আমাদের দেশের জন্যই নয়, বিশ্বের অনেক দেশেই এই সমস্যা রয়েছে।’
jagonews24
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে বাল্যবিবাহ রোধে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। আপনারা প্রশাসনে আছেন। বাল্যবিবাহ রোধে আপনাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা যাতে দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে পারি সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা জানানো হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে গোপালগঞ্জের ফেরদৌসী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ঢাকার আখতারী বেগম, সফল জননী নারী হিসেবে মানিকগঞ্জের রেখা রাণী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটাগরিতে ঢাকার অরনিকা মেহেরিন ঋতু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ঢাকার ভেলরি এন টেইলরকে সম্মাননা দেয়া হয়।
ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার।

কিডনি ভালো রাখবে যে পানীয়গুলো



১২ মার্চ বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব কিডনি দিবস। কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই মূলত এ দিবস পালন করা হয়। কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যা শরীর থেকে নির্গত বর্জ্য এবং বিষাক্ত পদার্থগুলো বের করে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
   
বলা যায় কিডনি আপনার সামগ্রিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ। তাই কিডনি বিষক্রিয়া থেকে মুক্ত রাখতে প্রয়োজন নিয়মিত কিছু ডেটক্স পান করা। এতে  যদি আপনার কিডনি অস্বাস্থ্যকর হয় তবে এটি বর্জ্যগুলো শরীরে ছড়িয়ে দেয়ার ক্ষমতা হারাবে। না হয় বিষাক্ত  পদার্থগুলো আপনার শরীরে তৈরি হতে থাকবে। যার ফলে কিডনিতে পাথর হতে পারে। 
জেনে নিন আপনার কিডনির স্বাস্থ্য ভালো রাখতে কোন কোন পানীয়গুলো পান করবেন-
> বিটরুট রস : বিটরুটে রয়েছে বেটেইন। যা খুব উপকারী ফাইটোকেমিক্যাল। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। যা মূত্রের অম্লতা বাড়ায়। বিটরুটের রস কিডনি থেকে ক্যালসিয়াম ফসফেট এবং স্ট্রুভাইট পরিষ্কার করতে সহায়তা করে। এটি কিডনির কার্যকারিতা সচল রাখে এবং কিডনিতে পাথর গঠনের পরিমাণ হ্রাস করে।
> ক্র্যানবেরি জুস : মূত্রনালীর সংক্রমণ এর জন্য ক্র্যানবেরি জুস খুবই ভালো। অতিরিক্ত ক্যালসিয়াম অক্সালটের ফলে কিডনিতে পাথর দেখা দেয়। ক্র্যানবেরির রস অতিরিক্ত ক্যালসিয়াম অক্সালেট কিডনি থেকে পরিষ্কার করে।
> লেবুর রস : লেবুর রস প্রাকৃতিকভাবে অ্যাসিডযুক্ত এবং এটি প্রস্রাবে সাইট্রেটের স্তর বাড়িয়ে দেয়। এছাড়াও লেবুর রস কিডনিতে পাথর হতে দেয় না। এক্ষেত্রে আপনি প্রতিদিন একটি লেবুর রস পানিতে মিশিয়ে খেতে পারেন।
> অ্যাপল সিডার ভিনেগার : পানীয় হিসেবে অ্যাপল সিডার ভিনেগার সামগ্রিক স্বাস্থ্যের জন্যই ভালো। বিশেষ করে এটি কিডনিকে কর্মক্ষম করে তোলে। অ্যাপল সিডার ভিনেগারে থাকা সাইট্রিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড এবং ফসফরাস অ্যাসিড কিডনিতে পাথর গঠনে বাধা দেয়।
> বেরি স্মুথি : ব্লুবেরি, রাস্পবেরি, ব্ল্যাকবেরি এবং ক্র্যানবেরি জাতীয় বেরিগুলোতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফ্ল্যাভোনয়েডের পরিমাণ বেশি। এই অ্যান্টিঅক্সিড্যান্টগুলো শরীর থেকে রেডিক্যাল কমিয়ে দেয় ফলে কিডনির রোগ প্রতিরোধ করে।
> গাজরের রস : গাজরে থাকা ক্যারোটিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এমনকি এটি কিডনি থেকে খারাপ টক্সিন সরাতে সহায়তা করে। নিয়মিত গাজরের রস পান করলে আপনার কিডনি ভালো থাকবে।
> সবজির জুস : শাকসবজি থেকে পাওয়া রস অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং বিভিন্ন খনিজ উপাদানের দুর্দান্ত উৎস। আপনার কিডনি ভালো রাখতে নিয়মিত শাকসবজির রস পান করার বিকল্প কিছুই নেই। এক্ষেত্রে সেলারি, শসা,সবুজ শাক, লেটুসের রস পান করতে পারেন।
> ডাবের পানি : ডাবের পানি একটি প্রাকৃতিক সতেজ পানীয়। যা আপনার কিডনির জন্য অত্যন্ত ভালো। এতে চিনি কম, কম অ্যাসিড এবং শূন্য ক্যালোরি রয়েছে। যা শরীরকে হাইড্রেট রাখে এবং কিডনি ভালো রাখে।
> আনারসের রস : আনারসে রয়েছে ব্রোমেলাইন নামে একটি ফাইটোনিট্রিয়েন্ট। যা একটি এনজাইম। এটি কিডনির যথাযথ কার্যকারিতা নিশ্চিত করে একে ভালো রাখে। আনারসের রস কিডনিতে পাথর তৈরি হতে দেয় না।
আপনার কিডনি দুটোকে ভালো রাখতে নিয়মিত এই পানীয়গুলো পান করতে পারেন। তবে একসঙ্গে একাধিক পানীয় পান করা যাবে না। যে কোনো একটি এক দিনে পান করুন।
সূত্র:বোল্ডস্কাই 

এবার গুগল জানাবে আপনি করোনায় আক্রান্ত কিনা


 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
করোনা পরীক্ষা করার জন্য নতুন ওয়েবসাইট বানাচ্ছে সার্চ ইঞ্জিন সাইট গুগল। শনিবার কোম্পানিটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৭০০ ইঞ্জিনিয়ার করোনা পরীক্ষার জন্য নতুন ওয়েবসাইট তৈরির কাজ করছে। এই ওয়েবসাইটটি করোনা ভাইরাসের লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে। 
একটি টুইট বার্তায় গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের এমন কাজের প্রশংসা করেছেন এবং কোম্পানিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়ক ডেবোরাহ ব্রিক্স বলেন, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েবসাইটটির ব্যবহার নিশ্চিত করতে চান।
 ৭

ম্যাচ চলাকালীন কিউই পেসারের শরীরে করোনার লক্ষণ, আতঙ্কে খেলোয়াড়রা

বিশ্বজুড়ে মহামারীতে রূপ নেয়া করোনাভাইরাসের থাবা পড়েছে সুদূর ওশেনিয়া সাগরের দেশ অস্ট্রেলিয়ায়। দেশটির ক্রিকেটাঙ্গন করোনাজ্বরে কাঁপছে। সেখানে খেলতে গিয়ে করোনার ছোবল থেকে রেহাই পাননি নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালে লকি ফার্গুসনের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। খেলা শেষে বিষয়টি জানালে মোটেই অবহেলা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠিয়েছেন তারা। চিকিৎসকরা ফার্গুসনকে ২৪ ঘণ্টা আইসোলেশনে থাকতে নির্দেশ দিয়েছেন।
ফার্গুসন করোনা আক্রান্ত কিনা সে প্রশ্নে দলে আতঙ্ক ছড়িয়েছে। পেসার লকি ফার্গুসনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পাওয়ায় পুরো সিরিজই বাতিল হয়েছে। অবশ্য সিরিজের প্রথম ম্যাচেই করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছিল। সেই ম্যাচটিতে গ্যালারি দর্শকশূন্য ছিল। ম্যাচে খেলোয়াড়দেরই সীমানা থেকে বল কুড়িয়ে আনতে দেখা গেছে।
এদিকে শুক্রবার গভীর রাতে ফার্গুসনের শারীরিক পরিস্থিতির বিষয়ে টুইট করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। টুইটে বলা হয়, গলায় সংক্রমণের জন্য ২৪ ঘণ্টার জন্য হোটেলের ঘরেই লকি ফার্গুসনকে আইসোলেশনে রাখা হয়েছিল। শনিবার দুপুরে চিকিৎসকরা জানিয়েছেন, রোববার দেশে ফিরে যেতে পারবেন ফার্গুসন

অপুর ফেরায় বাধা হলো করোনা

জয়পুরহাট
 প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  
আগামী ২০ মার্চ মুক্তির ঘোষণা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী ও অপু বিশ্বাস। শুধু তাই নয় লম্বা বিরতির পর এই ছবিটি দিয়েই ফেরার কথা ছিল অপু বিশ্বাসের। সেই আশাতেই ছিলেন তার ভক্তরা। কিন্তু সেই আশা এবার আশাহত করে দিলো করোনাভাইরাস। 
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত অপুর অভিনীত এই ছবিটি ২০ মার্চ মুক্তি পাচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। 
বিষয়টি নিয়ে প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক সবার আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানো হয়েছে।
তিনি বলেন, আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক। পরে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটিতে অপু ও বাপ্পী ছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

তারুণ্যের ভাবনায় `বঙ্গবন্ধু ও ৭ মার্চ

৭ মার্চ, বাংলাদেশের ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। এ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির জন্য যে ঘোষণা দিয়েছিলেন তাতে দেশের প্রতিটি পাড়া-মহল্লার মানুষ আশা ও আস্থা দুটিই পেয়েছিলেন। সেদিন রেসকোর্স ময়দানে বাঙালির স্বাধীনতার এ মহান নায়ক মুক্তির সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন। আর এরমধ্য দিয়েই ঘোষিত হয় জাতির মুক্তির পথ। 
এ ভাষণে উজ্জীবিত হয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লাখো বাঙালি। তরুণ প্রজন্ম এখনো এ ভাষণে নব উদ্যেমে চলার শক্তি খুঁজে পায়। তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু ও ৭ মার্চের ভাষণের এই গল্প জানাচ্ছেন ফারুক রহমান।
রিমন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চলে এসেছিল। কারো আর বুঝতে বাকি ছিল না অতি দ্রুতই বিশ্বের বুকে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে যাচ্ছে। প্রতিটি দেশপ্রেমিক বাঙালির হৃদয়েই বঙ্গবন্ধু রয়েছেন। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ থেকে আমরা তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হই, শাণিত হয় আমাদের দেশপ্রেমের চেতনা। বঙ্গবন্ধুর শুধু বাংলাদেশ নয় তিনি সারা বিশ্বের জন্য আদর্শ হয়ে আছেন। তার ভাষণও বিশ্বের অন্যতম সেরা ভাষণ।
পূজা মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কবির এই চরণ থেকেই যে কেউ উপলব্ধি করতে পারে বঙ্গবন্ধুকে। বাঙালির অবিসংবাদিত এ নেতা দেশের প্রতিটি মানুষকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করেছেন। মুক্তির সংগ্রামের মাহেন্দ্রক্ষণ ছিল ৭ মার্চ। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণে প্রতিটি দেশপ্রেমিক উজ্জীবিত হয়েছিল শোষকদের শেকল থেকে বেরিয়ে আসার সংগ্রামের জন্য। বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই আমাদের হৃদয়ে গেঁথে আছে। যেকোনো ন্যায়ের পক্ষের সংগ্রামে বঙ্গবন্ধু তারুণ্যের পথিকৃৎ।
অভিজিৎ দেবনাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের মুক্তি সংগ্রামে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি, এ ভাষণটি সরাসরি দেখতে বা শুনতে না পারলেও প্রযুক্তির কল্যাণে আজও যখন শুনি আমরা দেশপ্রেমে উজ্জীবিত হয়, নব উদ্যোমে চলার প্রেরণা পাই। ৭১ এর ৭ মার্চে দীর্ঘদিনের শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ ধ্বনিত হয়েছিল। ৭ মার্চের ভাষণ বর্তমান প্রজন্মকে স্বপ্ন দেখায় অন্যায়-অবিচারের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদী হতে হয়, মাথা নত না করে ন্যায়ের পথে অবিচল থাকতে হয়।
দৃষ্টি সাহা, ইসলামী বিশ্ববিদ্যালয়
এক মহাজাগরণে শামিল হয়ে বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করতে যিনি অগ্রনায়ক হয়ে কাজ করেছেন তিনি বঙ্গবন্ধু। তার ৭ মার্চের ভাষণই সব বাঙালিকে এক করেছিল। আমরা তরুণরা বঙ্গবন্ধুকে অনুসরণ করে আমাদের সামনে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধু আমাদের সত্যের ও সুন্দরের পথ দেখিয়ে গেছেন। কোনো বাঙালিই তাকে ভুলবে না। এই ভাষণ বঙ্গবন্ধুকে আরও অনন্য করেছে।
সাইফ মাহমুদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
একজন মানুষ কীভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণ। যার দ্বিতীয় নজির আর নেই। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে ও ভালোবাসতে হবে। তার ভাষণে আমরা স্বাধীনতার প্রায় পাঁচ দশক পরেও উজ্জীবিত হয়। যেকোনো ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে অনুপ্রেরণা পাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে আমরা লালন করে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা

জয়পুরহাট
 প্রকাশিত: ৮ মার্চ ২০২০  
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আগামী সোমবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে। শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
এতে আরো বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জরুরি সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

করোনা নিয়েও নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে বিএনপি

 জাগ্রত জয়পুরহাট
 প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

বিএনপি করোনাভাইরাস নিয়েও নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভায় তিনি এমন অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামে সংগঠনটি আজকে আন্দোলন, নির্বাচনে ব্যর্থ। আজকে তারা আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে বেগম জিয়াসহ বিভিন্ন বিষয়ে রাজনীতি করে বেড়াচ্ছে, ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনাভাইরাস নিয়েও তারা সেই নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, আমি তাদের (বিএনপি) অনুরোধ করব এ ধরনের একটা মানবিক ও সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতির বিষোদগার করা থেকে বিরত থাকবে। সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়। করোনাভাইরাস মোকাবিলায় যারা সরকারের আন্তরিকতায় ঘাটতি খুঁজে তারা রাজনৈতিক কারণে এটা করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা জাতীয়ভাবে এ বিষয়টি কীভাবে মোকাবিলা করব। আমাদের মধ্যে আজকে কর্মসম্পর্ক পর্যন্ত নেই, এমন পরিস্থিতি আজকে বিএনপি ৭৫-এর পর থেকে সৃষ্টি করেছে। ২১ আগস্টে কর্মসম্পর্কের অলঙ্ঘনীয় দেয়াল আরও উঁচু করেছে। করোনাভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এটা সারাবিশ্বের গণস্বাস্থ্য বিষয়ক সমস্যা। অনেক দেশে আক্রান্ত হচ্ছে, আমরা প্রস্তুত আছি বলেই এটা আমাদের দেশে বিস্তার হয়নি।
এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, করোনাভাইরাসের উপস্থিতির সঙ্গে সরকার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাংলাদেশ একমাত্র দেশ সবার আগে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রস্তুতির ব্যাপারে কোনো ঘাটতি আমাদের নেই। যে কারণে ইতালি থেকে যে দুজন প্রবাসী এসেছে, প্রস্তুতি আছে বলেই তাদের সংক্রমণের বিষয়টি ধরা পড়েছে। তাদের ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাদের দুজন থেকে আর একজনের আক্রান্ত হয়েছে, তার বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া নতুনভাবে আক্রান্তের খবর নেই। সরকার সার্বিকভাবে এ ব্যাপারে প্রস্তুত।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সবচেয়ে বেশি আন্তরিক। সরকারের প্রমাণ এখানেই মুজিববর্ষের মত এরকম আয়োজন শতবর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। কর্মসূচি স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্ধান্ত নিয়ে করেছেন। আজকে মানুষ জীবন আগে, তারপর অনুষ্ঠান।
তিনি বলেন, এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ এবং সেমিনার বন্ধ থাকবে। এ সময় ঘরোয়া কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
আগামী জুন মাসের মধ্যে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগকে কেন্দ্রীয় সম্মেলন শেষ করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।