Monday, March 16, 2020

১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জয়পুরহাট
 প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  
করোনাভাইরাসের প্রেক্ষাপটে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে। 
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকেলে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
এর আগে রোববার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শুধু পরামর্শ দিয়েছে। গতকাল সকালেই দেশে করোনাভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ রিটে দেশের স্থল, নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি উঠেছিল। ৮ মার্চ ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা জানালেও গত শনিবার দুপুরে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত। পরে রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানান, দেশে আরো দুজন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত দুজনের একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে এসেছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলের জনগণ। ইতালিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫১৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬১০ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৭৬ জন। 
আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে প্রায় অর্ধেক পৃথিবী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ।
পাঁচ মাস পর জয়পুরহাট হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

পাঁচ মাস পর জয়পুরহাট হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

 প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  
দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে জয়পুরহাট হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল ৩টা ৪০ মিঃ ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। ফলে বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয় ভারত। একারণে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে পড়লে দেশে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি ২৬০ টাকার উপরেও বেচা-কেনা হয়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত মিয়ানমার, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে।
গত ২ মার্চ জয়পুরহাট হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে ঢাকার খামাড়বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন। গতকাল অনুমতি পাওয়ার রবিবার বিকেল থেকে পুনরায় শুরু হয় ভারত থেকে পেঁয়াজ আমদানি।
বঙ্গবন্ধুর জন্মদিনে আলো ঝলমলে টুঙ্গিপাড়া

বঙ্গবন্ধুর জন্মদিনে আলো ঝলমলে টুঙ্গিপাড়া

জয়পুরহাট
 প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ ছাড়াও ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইনস্ থেকে বেদগ্রাম মোড়, গোপালগঞ্জ-বাশবাড়িয়া সড়কের ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত করা হয়েছে আলোকসজ্জা। সড়ক-মহাসড়ক ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন-তোরণে। টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের সর্বত্রই যেন সাজ সাজ রব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির আলোকসজ্জা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির আলোকসজ্জা
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় থাকছে নানা আয়োজন। গণ্যমান্যরা জানান, টুঙ্গিপাড়ায় বর্ণিল আয়োজন এবারই প্রথম। এমন আয়োজনে মুগ্ধ গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার বানুষ। বর্ণিল সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বঙ্গবন্ধুর সমাধিতে আসছেন হাজারো দর্শনার্থী।
জাতির জনকের সমাধি সৌধ কমপ্লেক্সের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হবে জন্মশতবার্ষিকী উদযাপন। এ উপলক্ষে সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, বকুলতলা চত্বরে উন্নয়নমূলক শোভাবর্ধন ও আলোকসজ্জার কাজ শেষ হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড
মুজিববর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড
টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ১৭ মার্চ রাষ্ট্রীয় কর্মসূচি পুনর্বিন্যাস করা হলেও আয়োজনে কোনো কমতি রাখা হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, মুজিববর্ষ উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা-উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আলো ঝলমলে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স
আলো ঝলমলে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স

গোপালগঞ্জের এসপি মো. সাঈদুর রহমান খান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা জানান, গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরইমধ্যে আলোকসজ্জা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে।
করোনা প্রতিরোধে সার্কের জোরদার সহযোগিতার আহ্বান শেখ হাসিনার

করোনা প্রতিরোধে সার্কের জোরদার সহযোগিতার আহ্বান শেখ হাসিনার

nsdim
 প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  
সার্কভুক্ত দেশগুলোকে এই অঞ্চলে মারাত্মক করোনাভাইরাস প্রতিরোধে একটি ‘শক্তিশালী কৌশল’ তৈরি এবং নিবিড়ভাবে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জনস্বাস্থ্যের হুমকির বিরুদ্ধে লড়াই করতে এবং নাগরিকদের সুরক্ষার জন্য সার্কভুক্ত দেশগুলোকে ব্যাপক কৌশল অবলম্বন করা দরকার।
রোববার বিকেলে তার সরকারি বাসভবন গণভবন থেকে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সার্কভুক্ত দেশগুলোর সঠিক কর্মকৌশল গ্রহণে নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রদত্ত ভাষণে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই মহামারি মোকাবিলার জন্য সব সার্কভুক্ত দেশকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা এবং সহায়তা করা দরকার। আমাদের সম্মিলিত সক্ষমতা, দক্ষতা এবং সম্পদের সাহায্যে এই সহযোগিতা তৈরি করতে হবে।
এই অঞ্চলের মারাত্মক করোনাভাইরাস প্রতিরোধে সার্কভুক্ত দেশগুলোর যৌথ কর্মকৌশল নির্ধারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের ভিত্তিতে সার্ক নেতাদের অংশগ্রহণে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলংকাকে নিয়ে আট জাতির আন্তর্জাতিক সংস্থা সার্ক গঠিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজ নিজ দেশের পক্ষে ভিডিও কনফারেন্সে অংশ নেন। সেইসঙ্গে পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাফর মীর্জা নিজ দেশের পক্ষে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তার সক্ষমতা এবং দক্ষতা ভাগ করার জন্য প্রস্তুত। পাশাপাশি প্রয়োজনে যৌক্তিক সহায়তা প্রদানসহ সার্কের দেশগুলোর সঙ্গে সর্বোত্তম অনুশীলনের জন্যও প্রস্তুত রয়েছে। তিনি ভবিষ্যতে দক্ষিণ এশীয় অঞ্চলে যেকোনো জনস্বাস্থ্য হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই করার জন্য বাংলাদেশে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
১০৮০ জন প্রশিক্ষণার্থী নিচ্ছে পরিবার পরিকল্পনা অধিদফতর

১০৮০ জন প্রশিক্ষণার্থী নিচ্ছে পরিবার পরিকল্পনা অধিদফতর


 J.A.P  নিউজ ডেস্ক
 প্রকাশিত: ০৪:৩৯ পিএম, 16 মার্চ ২০২0
পরিবার পরিকল্পনা অধিদফতরে ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে ১০৮০ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পরিবার পরিকল্পনা অধিদফতর
কোর্সের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কোর্স
কোর্সের মেয়াদ: ১৮ মাস

00:00
00:00 / 00:00
Video
Copy video url
Play / Pause
Mute / Unmute
Report a problem
Language
Mox Player
পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) প্রশিক্ষণার্থী
পদসংখ্যা: ১০৮০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বয়স: ০১ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী
আবেদনের নিয়ম: আগ্রহীরা http://dgfp.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আবেদনের সঙ্গে টেলিটক সিমের মাধ্যমে ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের সময়: ১৬ মার্চ ২০২০ তারিখ থেকে ০৫ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট
মুজিববর্ষ উদযাপনে প্রস্তুত দেশ

মুজিববর্ষ উদযাপনে প্রস্তুত দেশ


 Nasim ahmmed
 প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  
  
অপেক্ষার ক্ষণগণনা শেষ হতে চলেছে। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ, মুজিববর্ষ। বছরব্যাপী এ উৎসব পালনে প্রস্তুত দেশ। তবে করোনাভাইরাসের কারণে সীমিত আকারে এদিন ‘মুজিববর্ষ’ উদযাপনের সূচনা ঘটানো হলেও সর্বত্র থাকবে প্রাণের ছোঁয়া- প্রত্যাশা করা হচ্ছে এমনটাই।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এ বছর যার শতবর্ষপূর্তি হতে যাচ্ছে। এই দিনটি উদযাপনে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ঘোষণা দিয়েছিলেন গত বছরই। মুজিব শতবর্ষকে ঘিরে এ বছরের ১৭ মার্চ থেকে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ উদযাপনের ওই ঘোষণা দেয়া হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি গঠন করে দেশজুড়ে নানা আয়োজনের মহাপরিকল্পনা নেয়া হয়েছিল। 
আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন ছাড়াও বেসরকারি পর্যায়েও ছিল ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। তবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সার্বিক বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং জনস্বাস্থ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষের আয়োজন পুনর্বিন্যাস করা হয়। 
জনসমাবেশ এড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানসহ অনেক কর্মসূচি আপাতত স্থগিত করা হয়। অনেক কর্মসূচিতে কাটছাঁট করে সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়। 
আজ থেকে জনসমাবেশ এড়িয়ে সেসব কর্মসূচির সূচনা ঘটতে যাচ্ছে। তবে পরিস্থিতির উত্তরণ হলে সুবিধাজনক সময়ে বর্ণাঢ্য আয়োজনের কথাও জানিয়ে রাখা হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা। ওই দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই চলছে এই ক্ষণগণনা, যার পরিসমাপ্তি ঘটবে আগামীকাল মঙ্গলবার। ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ঘড়ি বসিয়ে এই ক্ষণগণনা কার্যক্রম চলছে।
মুজিব জন্মশতবর্ষের পুনর্বিন্যাসকৃত কর্মসূচি অনুযায়ী আগামীকাল রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজি উৎসবের মাধ্যমে জন্মশতবার্ষিকীর মূল আয়োজনের সূচনা ঘটবে। ওই সময় (রাত ৮টা) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির উদ্দেশে ভাষণের পরপর আতশবাজি কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। 
জনসমাগম ছাড়া দেশ-বিদেশের অগণিত মানুষ যেন উদ্বোধনী আয়োজনে সম্পৃক্ত হতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সব ধরনের সোশ্যাল মিডিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান একযোগে সম্প্রচার করা হবে। 
জনসাধারণের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটি করা হবে। সারাদেশেও একই সময় আতশবাজি উৎসব হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আয়োজন করবে আলাদা আলাদা কর্মসূচি। 
আওয়ামী লীগ রাত ৮টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আতশবাজিসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও কর্মসূচিতে যোগ দেবে।
মুজিববর্ষের সূচনা দিনে দেশজুড়ে অন্য আরো আয়োজনও থাকছে। এর মধ্যে ১৭ মার্চ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় উৎসবমুখর পরিবেশে, তবে জনসমাবেশ এড়িয়ে ও সীমিত আকারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান; সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি (প্রযোজ্য ক্ষেত্রে); সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন; বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন; মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা; দরিদ্রদের মধ্যে খাবার/মিষ্টান্ন বিতরণ; হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন; স্থানীয় প্রশাসন কর্তৃক সারাদেশে গৃহহীনদের মধ্যে গৃহ প্রদান প্রভৃতি।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান ভবনে ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবি, উদ্ধৃতি, জন্মশতবার্ষিকীর লোগোসংবলিত সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ড্রপডাউন ব্যানার ব্যবহার ও মুজিববর্ষ উদযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যানার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে সজ্জিতকরণ; সব সরকারি-বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নিজস্বভাবে সীমিত আকারে আলোচনা অনুষ্ঠান, দেয়াল পত্রিকা/স্মরণিকা প্রকাশ, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মিষ্টান্ন বিতরণ ও দুপুরের খাবার ইত্যাদির আয়োজন; ওয়েবসাইটে প্রদত্ত বঙ্গবন্ধুর ওপর নির্মিত ভিডিও ক্লিপিংস/ফুটেজ প্রচার এবং স্থানীয়ভাবে স্যুভেনির, বই, স্মরণিকা, দেয়াল পত্রিকা ইত্যাদি প্রকাশ।
ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
--------------------------------------------
অদ্য ১৫-০৩-২০২০ ইং জয়পুরহাটের পাঁচবিবি থানায় ৮০ বোতল ফেন্সিডিলসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন পাঁচবিবি থানা পুলিশ।
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঁচবিবি থানার এসআই(নিঃ) আহম্মদ আলী সরদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার এলাকার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রাম হইতে এই মাদকদ্রব্য উদ্ধারসহ মোছাঃ মোমেনা বেগম(৩৮), স্বামী- মোঃ মিজানুর রহমান, গ্রাম-ভীমপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের জন্য আইসোলেশন ইউনিট খোলা হয়েছে ।
ছবিঃ নাজমুল রাজু ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় লাল-সবুজের আলোকসজ্জা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় লাল-সবুজের আলোকসজ্জা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় লাল-সবুজের আলোকসজ্জা।
Nasim ahmmed